মান্নার অষ্টম মৃত্যুবার্ষিকী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:২৭ পিএম


মান্নার অষ্টম মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক :: আজ বুধবার প্রখ্যাত চিত্রনায়ক মান্নার অষ্টম মৃত্যুবার্ষিকী । দিনটি উপলক্ষে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বিভিন্ন টিভিতে মান্না অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এদিকে, মান্না ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সারা দেশে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, কিছুদিন আগেই আমরা মান্না উৎসব করেছি। সাধারণ মানুষ, শিল্পীসহ সব স্তরের মানুষের যে সহযোগিতা পেয়েছি তাতে আমি অনেক খুশি।

জীবনসঙ্গী হিসেবে শেলী বলেন, আমি তাঁর স্ত্রী হিসেবে জানি জীবনের পুরোটা সময় চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। রাতে ঘুমানোর সময়ও বিভিন্ন হলের খবর নিতেন।  চলচ্চিত্রের যেকোনো সমস্যায় কেউ ফোন করলে রাত ৩টা নেই, ৪টা নেই বের হয়ে যেতেন। আপনারা দোয়া করবেন, যেখানেই থাকুক, আল্লাহ যেন ভালো রাখেন।

মান্না মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তুমুল জনপ্রিয় নায়ক মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Ads