বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকলিন ও কাল্কি
০৮ নভেম্বর ২০১৬, ০৬:৪৯ পিএম
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সব সময়ই স্থান পায় বিচিত্র সব কর্মকাণ্ড। বলিউডের দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও কাল্কি কোচলিন নাম লিখিয়েছেন গিনেসের এই আজব রেকর্ডের খাতায়। পেটের একটি বিশেষ ব্যায়ামে হাজার দেড়েক নারীর সঙ্গে তাঁরাও যোগ দিয়ে অংশ হয়েছেন এই রেকর্ডের।
স্পোর্টস ব্র্যান্ড পুমার আয়োজনে এক হাজার ৬২৩ নারী অংশ নিয়েছিলেন এই বিশেষ ইভেন্টে। এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ডু ইউ’। ৬ নভেম্বর মুম্বাইয়ের বান্দা কুরলা কমপ্লেক্সে এই আয়োজনকে সফল করতে হাজির হয়েছিলেন অংশগ্রহণকারীরা।
অ্যাবডোমিনাল প্ল্যাংকের একটি বিশেষ অবস্থান পুরো এক মিনিট স্থির রাখা ছিল লক্ষ্য। পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল এই সময়সীমা। কেবল জ্যাকলিন বা কাল্কিই নন, সব নারীই একযোগে ধরে রেখেছিলেন এই বিশেষ অবস্থান, পুরো এক মিনিটের জন্য! আর রেকর্ড হয়েছে তাতেই।
কেবল প্রচার বা রেকর্ডেই নয়, এ বিশেষ আয়োজনের বক্তব্য ছিল নারীর ক্ষমতায়নের পক্ষে। কাল্কি ও জ্যাকলিন ছাড়াও অলিম্পিকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক উপস্থিত ছিলেন এ আয়োজনে।



































