২৯ জুন ঢাকায় আসছেন জিৎ
২৮ জুন ২০১৬, ০৩:৩৯ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’র প্রচারণা ও ইফতার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন কলকাতার সুপারস্টার জিৎ। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তিনি বলেন, আগামী ২৯ জুন সকালে ঢাকায় আসবেন জিৎ। ওইদিন বিকেলে ঢাকা ক্লাবে ‘বাদশা’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এ ছাড়া সন্ধ্যায় তিনি সবার সঙ্গে ইফতারও করবেন। সংবাদ সম্মেলন শেষে পরদিন কলকাতায় ফিরে যাবেন।
ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন আব্দুল আজিজ ও বাবা যাদব। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— ফেরদৌস, সুষমা সরকার, শ্রদ্ধা দাস, রজতাভ দত্ত প্রমুখ।
প্রথমবারের মত বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার নায়ক জিৎ অভিনীত ‘বাদশা’ এবং শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’ ছবি। দুটি ছবিই কলকাতার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
মঙ্গলবার ‘শিকারি’ ছবির প্রচরণায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। দু’দিন প্রচারণার কাজ ও একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আবার ফিরে গেছেন কলকাতায়।
এবার শ্রাবন্তীর প্রস্থানের পর ‘বাদশা’ ছবির প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসছেন জিৎ। শ্রাবন্তীর প্রচারণায় সঙ্গী হয়েছিলেন ছবির নায়ক শাকিব খান। এবার জিতের সঙ্গী হবেন নুসরাত ফারিয়া।



































