মাধুরীর প্রেমে মজেছিলেন শচীনও!
১৮ মে ২০১৬, ০৫:৩১ পিএম
বিনোদন ডেস্ক :: ভারতের রূপালীজগৎ বলিউড ও ক্রিকেটের একবিন্দুতে সম্মিলনের ঘটনা অনেক পুরনোই। নায়িকা ও ক্রিকেটারের নানা মুখরোচক কাহিনী জন্ম দিয়েছে এই সম্মিলনস্থল। কোনো কোনো ভারতীয় ক্রিকেটার কেবল বলিউডকন্যার সঙ্গে প্রেমই করেননি, বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন। ক্রিকেটারদের এই বলিউডপ্রীতিতে নাম আছে দেশটির জীবন্ত কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকারেরও।
ব্যক্তি জীবনে শচীন সুখেই আছেন। স্ত্রী অঞ্জলি টেন্ডুলকারের সঙ্গে তার সুদীর্ঘ প্রেমময় সুখের সংসার। আছে এক পুত্র ও এক কন্যাও। তবে কেনো বাড়তি প্রেমের জন্য ঝুঁকতে হলো টেন্ডুলকারকে? সেই বলিউড রমণীটিই বা কে? ভক্তকুলের মাঝে এমন কৌতূহল জাগিয়ে শচীন নিজেই তার উত্তর দিয়েছেন।
তবে সেই বলিউড নায়িকার সঙ্গে টেন্ডুলকারের প্রেম বা বিয়ে কোনোটাই করা হয়ে ওঠেনি। টেন্ডুলকার কেবল তার গুণমুগ্ধই ছিলেন। মাধুরী দীক্ষিত অবশ্য আবির্ভাবের পর শচীনের মত অন্য অনেক যুবকেরই ঘুম হারাম করেছিলেন। আর শচীনও যেহেতু রক্ত-মাংসেরই মানুষ, তাই মাধুরীর গুণমুগ্ধ হতে নিজের মনকে কিছুতেই দমিয়ে রাখতে পারেননি লিটল মাস্টার।
সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন সম্প্রতি একটি অনুষ্ঠানে মাধুরীর প্রতি সেই প্রেম-আকর্ষণের কথা জানিয়েছেন। নিজেকে মাধুরী দীক্ষিতের অনেক বড় ভক্ত বলে পরিচয় করিয়েছেন বিশ্বময় নিজেরই কোটি কোটি ভক্তের জন্ম দেয়া এই ব্যাটিং জিনিয়াস। তবে কেবল মাধুরী নন, শচীনের গুণমুগ্ধের তালিকায় আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও।



































