মির্জাপুরে বরের বড় ভাইসহ নৌকা ডুবে ৩ জনের মৃত্যু
২৯ জুলাই ২০২৩, ০২:৩৭ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে গত বৃহস্পতিবার বিকেলে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নৌকা ডুবে বরের বড় ভাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা।
মৃত ৩ জন হলেন,বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়ার গ্রামের ইন্তাজ আলীর ছেলে ও বরের বড় ভাই সিঙ্গাপুর প্রবাসি রিপন মিয়া(৩৬),একই গ্রামের কহিনুর মিয়ার মেয়ে ছিনহা(৮)ও উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে কলেজ ছাত্র আসিফ মিয়া (২০)।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় বিয়ের আয়োজনে উৎসবের পরিবর্তে স্তব্ধতা বিরাজ করছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী বরযাত্রী মো.মাসুম রানা জানান, গত বৃহস্পতিবার উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে টুটুল মিয়ার সাথে একই উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মজনু মিয়ার মেয়ের সাথে বিয়ের দিন ছিলো। বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বিকেলের দিকে বর ও কনে পক্ষের কিছু লোক জন মির্জাপুরের উদ্দেশে রওনা হলে মেয়ের বাড়ি থেকে তরফপুরের প্রধান সড়কে নৌকাযোগে যাওয়ার সময় ওই নৌকায় একটি শাপ উঠার সময় সেটিকে বাঁধা দিতে গেলে নৌকাটি একটি পুকুরের মাঝখানে ডুবে যায়। পরে সাতাঁর পেরে নৌকায় থাকা বেশ কয়েক জন পারে উঠতে পারলেও তিন জন পানির তলদেশে নিখোঁজ হয়। খবর পেয়ে বরসহ বিয়ে বাড়ির সকল লোক জন ওই স্থানে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।
মাসুম আরও জানায়, সে নিজেই পানিতে ডুব দিয়ে প্রথমে রিপনকে পানির তলদেশ থেকে উদ্ধার করেন এবং পর্যায়ক্রমে শিশু ছিনহা ও কলেজ ছাত্র আসিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার পর মির্জাপুরের ইউনিয়নপাড়া ও মন্দিরাপাড়া-তরফপুর বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, আমরা জানার আগেই নৌকাডুবির ঘটনায় মৃতদের স্থানীভাবে উদ্ধার করা হয়েছে। এছাড়া আর কোন নিখোঁজের সংবাদ না থাকায় কাউকে ঘটনাস্থলে পাঠানো হয়নি।




































