মির্জাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ
১৯ জুলাই ২০২৩, ০৮:১৩ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১নং আজগানা ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার ওই ইউনিয়নের ৮মেম্বার(ইউপি সদস্য)জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন।
ওই অভিযোগের অনুলিপি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য,দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারকেও দিয়েছেন।বুধবার বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান অভিযোগকারীরা। টাঙ্গাইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়,২০২২ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে টিআর, কাবিখা, এডিপি, এলজিএসপি/উন্নয়ন সহায়তা তহবিলের টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে ১৩ লাখ ৬২ হাজার ৯১৫ টাকা আত্মসাৎ করেছেন আব্দুল কাদের সিকদার। এছাড়া মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেয়ার নাম করেও মানুষের কাছ থেকে নানাভাবে অর্থ আদায় করেছেন। আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান দলের ক্ষমতা দেখিয়ে মেম্বার ও তার পরিষদে আসা মানুষদের সাথে খারাপ আচরণও করেন। কেউ কিছু বলতে গেলেও নানা ভয়ভীতি ও মামলার হুমকি প্রদর্শন করেন। এছাড়া তিনি সরকারি অন্যান্য কাজেও দুর্নীতি করে বেড়ান। তাই অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
অভিযোগকারীদের একজন আজগানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন সিকদার সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান বিভিন্ন সময় যে সমস্ত সিদ্ধান্ত নেন তা তিনি এককভাবে করেন। মাসিক কোনো সভা/মিটিং করেন না এবং নিজেই প্রকল্পের সভাপতি হয়ে কোনো প্রকার কাজ না করে অর্থাৎ ভুয়া প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে আমি জানি না।
প্রসঙ্গত, ওই ইউনিয়নের ব্যবসায়ী মো. জোবায়ের সিদ্দিকী ট্রেড লাইসেন্স না পাওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে ছিলেন। এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও সে এখন পর্যন্ত ট্রেড লাইসেন্স পায়নি।































