সাদা পোশাকে যারা গ্রেফতার করতে যায় তারা আইনের লোক নয়
২৪ মে ২০১৬, ০৯:১০ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে যারা গ্রেফতার করতে যায়, তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরোয়ানা ছাড়া গ্রেফতার ও রিমান্ড বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজের পর মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রের সর্বোচ্চ এই আইনি কর্মকর্তা বলেন, সাদা পোশাকে নিজেদের পরিচয় না দিয়ে পৃথিবীর কোথাও এভাবে গ্রেফতার করে না। এখন দেখা যাচ্ছে একজনকে শত্রুতাবশত গায়েব করে ফেলছে। পরিচয় দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর লোক। এই রায়ের মাধ্যমে আশা করি এটাতো বন্ধ হবে।
পরিচয় না দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর লোক কাউকে গ্রেফতার করতে যায় না বলেও মনে করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হওয়া প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের অভিমত হলো, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন বা পুলিশের কাজ করা সংক্রান্ত আইনগুলো সংবিধান পরিপন্থি হয়ে যাচ্ছে। সংবিধানের আলোকে এসব আইন সংশোধনের প্রয়োজন মনে করে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।


































