সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক সহ নিহত ৪
২২ সেপ্টেম্বর ২০১৫, ০২:৩৭ পিএম
নিজস্ক প্রতিনিধি :: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকায় বগুড়া-নগরবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক পাবনা জেলার চর আসুতোষপাড়া গ্রামের ফুলচাঁদ (৫২) এবং যাত্রী পাবনা সদরের চর আশুতোষপুর গ্রামের বাচ্চু মিয়া (২১), আলমগীর হোসেন (২২) ও বিপ্লব (১৭)।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, রাত ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে পাঁচ যাত্রী পাবনা যাচ্ছিলেন। এ সময় শ্যামলীপাড়ায় পৌছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক তিন চাকার সিএনজিচালিত অটোরিকশাটির পেছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ট্রাকসহ এর চালক মধু বিশ্বাসকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতারের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই দুই যাত্রীর মৃত্যু হয়। আর ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী ও অটো চালক মারা যান। নিহত চারজনের লাশ মর্গে রাখা হয়েছে।
































