খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ সহায়তা
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সহায়তা বিতরণ করা হয়।
‘ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স ফর ফ্ল্যাশ ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইড অ্যাফেক্টেড পিপল অব চট্টগ্রাম অ্যান্ড সিলেট ডিভিশনস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে কারিতাস বাংলাদেশ। সহযোগী সংস্থা হিসেবে রয়েছে জাবারাং কল্যাণ সমিতি।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। তিনি বলেন, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ। সহায়তা যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূইয়া, গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম এবং প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতেই এ নগদ সহায়তা দেওয়া হয়েছে।

































