খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
২২ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদানের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে “খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রান্তিক কৃষকদের কাছে সার সরবরাহের ক্ষেত্রে খুচরা সার বিক্রেতারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৯ সালের নীতিমালা বাতিল করে প্রণীত ২০২৬ সালের খসড়া নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা কৃষি খাতের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এতে করে দেশের প্রান্তিক কৃষকরা সার সংকটে পড়বে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা নতুন নীতিমালা বাতিল করে পুরনো নীতিমালা বহাল রাখার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কনক ব্রত ত্রিপুরা। এসময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. মোশাররফ, সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ প্রমুখ।
মানববন্ধনে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন।
পরবর্তীতে, মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

































