পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমে খাগড়াছড়ি জেলা প্রশাসন


পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমে খাগড়াছড়ি জেলা প্রশাসন

 

বিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স পৌর শহরের বাজারগুলোতে অভিযান পরিচালনা করে।  

অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন মূল্য তালিকা প্রদর্শন না করা, মজুদদারি ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে পাঁচজন ব্যবসায়ীকে মোট ১৮,৫০০ টাকা জরিমানা করেন।  

এছাড়া ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ এবং তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ না করার নির্দেশনা প্রদান করা হয়।  

মনিটরিং কার্যক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সন্তোষ কান্তি চাকমা, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ইউনুস, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান, আল আমিন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার মোহাম্মদ ইয়াছিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।

 

Ads