খাগড়াছড়িতে “Flood Emergency Response in Bangladesh (FERB)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


খাগড়াছড়িতে “Flood Emergency Response in Bangladesh (FERB)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

খাগড়াছড়ি সদর উপজেলায় “Flood Emergency Response in Bangladesh (FERB)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা (TUS) এবং সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা HEKS/EPER-এর যৌথ উদ্যোগে এ সভাটি অনুষ্ঠিত হয়।  

আসন্ন জানুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত চার মাসব্যাপী এই প্রকল্পটি খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি এবং কমলছড়ি ইউনিয়নে বাস্তবায়ন করা হবে।

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমা স্বাগত বক্তব্যের মাধ্যমে অধিবেশন শুরু করেন। তিনি প্রকল্পের উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

HEKS/EPER-এর প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল আরেফীন ও বিপ্লব এ্যান্থনী গোমেজ সংস্থাটির মানবিক সহায়তার প্রতিশ্রুতি এবং তাদের ভূমিকা তুলে ধরেন।  

মনিটরিং, ইভালুয়েশন এবং লার্নিং (MEL) অফিসার মানস ত্রিপুরা বেসলাইন সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, এই প্রতিবেদন প্রকল্পের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। তিনি প্রকল্প গ্রহণ এবং সহযোগিতার জন্য HEKS/EPER ও তৃণমূল উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান। বেসলাইন সমীক্ষার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "সমীক্ষাটি প্রকল্প বাস্তবায়নে অপরিহার্য ভূমিকা পালন করবে।"  

সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারি, কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, ২৬২নং গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসেন চৌধুরী, ২৬০নং ইটছড়ি মৌজার হেডম্যান সাথাউ মারমা এবং হেডম্যান জ্ঞান লাল চাকমা। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বার, মহিলা মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।  

সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। তিনি প্রকল্প বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

Ads