খাগড়াছড়িতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬নভেম্বর, ২০২৪খ্রি.) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন এবং মিথ্যা মামলা দিয়ে তার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "এ দেশ আমাদের মাতৃভূমি। আমাদের পূর্বপুরুষের জন্ম এখানেই, এবং আমরা এখানেই জীবন কাটাবো। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা সনাতন ধর্মের প্রতি অবিচার। তাকে দ্রুত মুক্তি না দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে," – বললেন তারা।
বিক্ষোভের পর, এক প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর ৩১ অক্টোবর চট্টগ্রাম ইসকনের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। মামলার পর বিএনপি নেতা ফিরোজ খানকে দল থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে সনাতনী সংগঠনগুলোর পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, বিষয়টির দ্রুত সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার মুক্তি নিয়ে সনাতনী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

































