খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৪, ০২:০৪ পিএম


খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

 

খুলনার ডাকবাংলা এলাকায় গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির-উল-গিয়াস জানান, সন্ধ্যা ৬টার দিকে উত্তেজিত জনতা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয় ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে, দুটি প্লাস্টিকের চেয়ার ভেঙে বের করে আগুন ধরিয়ে দেয়।

হামলাকারীদের পরিচয় এখনও অজ্ঞাত। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে ডাকবাংলা মোড়ে আসে একদল লোক। মোড় পার হওয়ার পর তারা খুলনায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে। পরে তারা কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। ভাঙা আসবাবপত্র বাইরে নিয়ে এনে আগুন ধরিয়ে দেয়।

এরপর জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা এলাকা ছেড়ে চলে যায়।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়েও অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

 

Ads