খালার ভাড়া বাসা থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৪ জুন ২০২৪, ০৬:০৩ পিএম
ছবি- সংগৃহীত।
গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়া এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে সাজিদ হোসেন নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৩ জুন রাতে গোপালগঞ্জ শহরের পৌরসভা এলাকাধীন ইসলামপাড়া থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সরকারি বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিদ হোসেনের বাড়ী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে। সে ওই গ্রামের সফিকুল আলমের ছেলে। তার বাবা রেলওয়ের পুলিশ বিভাগে চাকরি করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান সাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মায়ের মৃত্যুর পর সাজিদ খালার কাছেই বড় হয়েছে। তার খালা একজন চাকুরীজীবি। গোপালগঞ্জে থাকেন না। সে কারনে সাজিদ একাই খালার ভাড়াবাসায় থাকত।
সোমবার সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই বন্ধুদের মুঠোফোনে কল দিয়ে ক্ষমা চায় সাজিদ হোসেন। পরে রাতে ফোন বন্ধ পেয়ে খালার ভাড়াবাসায় যায় বন্ধুরা। বাসায় গিয়ে ডাকাডাকি করেও সাজিদের কোনো সাড়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে জানালা দিয়ে ঘরের ভেতর সাজিদকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে বিষয়টি এলাকাবাসী ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ওই বাসায় গিয়ে দরজা ভেঙে সাজিদের মরদেহ উদ্ধার করে। সাজিদের মৃত্যুর কারন এখনো জানা যায়নি।

































