মাদারীপুরে ৪ জনের ফাঁসির আদেশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ অক্টোবর ২০১৫, ০৮:১৭ পিএম


মাদারীপুরে ৪ জনের ফাঁসির আদেশ

ষ্টাফ রিপোর্টার :: মাদারীপুরে জোড়া খুনের দায়ে ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া একজনের যাবজ্জীবন এবং ৯ জনকে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

এ ছাড়া অত্র মামলায় শামসুল হক হাওলাদারকে (পলাতক) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূরুদ্দীন এই রায় ঘোষণা করেন।

মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মহিউদ্দিন হাওলাদার(পলাতক), সুহাগ হাওলাদার(পলাতক), হালিম সরদার(উপস্থিত) এবং হাবি শিকদার (উপস্থিত)। অত্র আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় ফাঁসির আদেশ দেয়া হয়।

এ ছাড়া আসামি হিরু হাওলাদার, রফিক হাওলাদার, কাইয়ুম শিকদার, জাহাঙ্গীর শিকদার (পলাতক), টুটুল হাওলাদার, মোস্তফা হাওলাদার(পলাতক), জিন্নাত খান ও ইদ্রিস শেখকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।

অপরদিকে ১৪ জন আসামীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি জেলার রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল এলাকায় ঈদুল আজহার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক সমর্থিত সৈয়দ আলী মোল্লা ও সোলেমান মোল্লাসহ ৩৬ জনকে গুলি করে।এতে ঘটনাস্থলে সৈয়দ আলী এবং চিকিৎসাধীন অবস্থায় সোলেমান মোল্লা মারা যান।ওই ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন।

২০০৩ সালের ৩০ আগস্ট আদালতে অত্র মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়। ২০০৫ সালের ১১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করেন আদালত।

Ads