টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত
২১ অক্টোবর ২০১৫, ০২:৫৪ পিএম
ষ্টাফ রিপোর্টার :: টাঙ্গাইল সদরে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুই সদস্য নিহত হয়েছেন।
এ সময় তাদের ছোড়া গুলিতে মনিরুল ইসলাম নামে এক র্যাব সদস্য গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার চরাঞ্চলের গুগড়া ইউনিয়নের মহিষা গ্রামে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত দুজন হলেন- সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকবর হোসেন (৪৫) ও মহিষা গ্রামের মনু মিয়া (৩৫)।
আহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার রায়হান (৪০), চাঁন মিয়া (৩৫) ও ফরিদ (৩৫)। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্যা৫বের আহত সদস্য মনিরুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে।
র্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত চরমপন্থি দলের কিছু সদস্য মহিষা গ্রামে শাহাদাত হোসেনের বাড়িতে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। রাতে র্যাব ওই বাড়িটি ঘিরে তাদের আত্মসমর্পণের আহ্বান জানায়। এ সময় বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
































