রাজশাহীতে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ অক্টোবর ২০১৫, ১১:৩৩ পিএম


রাজশাহীতে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার :: রাজশাহীর একটি বাসা থেকে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা একটি চিরকুট লিখে যাওয়ায় পুলিশের দাবি তারা আত্মহত্যা করেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরের চন্ডিপুর এলাকার একটি বাসা থেকে ঘরের দরজা ভেঙে লাশ দুটি বের করা হয়।

এই দুই শিক্ষার্থী হলেন- শারমিন খাতুন (১৯) ও আবদুল মমিন (২২)। শারমিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার শিতলাই গ্রামে। তার বাবার নাম চান মিঞা। শারমিন নগরের ডায়াবেটিক এসোসিয়েশন পরিচালিত নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর আবদুল মমিন নওগাঁর মান্দা উপজেলার চকরঘুনাথ গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি নগরের ইসলামী ব্যাংক মেডিকেল নার্সিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শারমিন ও মমিন রাজশাহী নগরের চন্ডিপুর এলাকায় মোশাররফ হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বাড়ির মালিক বলেন, ৩ মাস আগে তারা দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন।

শারমিনের বাবা চান মিঞার দাবি, তার মেয়ের কোনো ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বা সে কাউকে বিয়ে করেছিল, এটা তাদের জানা নেই। তার ধারণা, এটি হত্যাকাণ্ড। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে তারা আত্মহত্যা করেছেন। তা ছাড়া তারা একটি চিরকুটও লিখে গেছেন। তাতে লেখা আছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের ভালোবাসা কেউ মেনে নেয়নি। তাই আমরা দুনিয়া থেকে চলে গেলাম। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নন।

তিনি আরো বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Ads