কুনিওকে রংপুরে দাফনে জাপানের আগ্রহ বাংলদেশের সম্মতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ অক্টোবর ২০১৫, ০৬:৩৭ পিএম


কুনিওকে রংপুরে দাফনে জাপানের আগ্রহ বাংলদেশের সম্মতি

নিজস্ব প্রতিবেদক :: জাপানি নাগরিক কুনিও হোশির মৃত দেহ মুসলিম রীতিতে নগরীর যে কোন কবরস্থানে দাফন করতে জাপান দূতাবাস আগ্রহের কথা রংপুর সিটি মেয়রকে জানিয়েছেন। পাশাপাশি মুসলিম রীতি-নীতি অনুযায়ী কীভাবে লাশের দাফন করা হয় তারও বিস্তারিত জানতে চেয়েছে জাপানের দূতাবাস।

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু প্রতিদিনের চিত্র প্রতিনিধিকে জানান, কুনিও হোশিকে দাফন করার জন্য গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর কাছ থেকে অনুমতি নেয় স্থানীয় প্রশাসন।

রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, কুনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এ কারণে জাপানি দূতাবাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল,স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে নির্দেশনা পাওয়ার পরই দাফনের সব ব্যবস্থা করা হয় বলে জানান জেলা প্রশাসক।

গত ৩রা অক্টোবর রংপুর শহরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি। এরপর থেকে তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়। কিন্তু কুনিও হোশির স্বজনদের পক্ষ থেকেও তাঁর লাশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়নি। এতে করে লাশ দাফনে বিলম্ব ঘটে। আবার বাংলাদেশে লাশ দাফন করার ব্যাপারে জাপান সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছিল।

রংপুর সিটি কর্পোরেশন পক্ষ থেকে জানানো হয় কুনিও হোশির মুসলমান হওয়ার স্বপক্ষে গতকাল সিটি মেয়রের কাছে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা জমা দেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন তাজুল ইসলাম। মুয়াজ্জিন তাজুল ইসলাম সদর উপজেলার কেরানিরহাট এলাকার আইয়ুব আলীর পুত্র। অঙ্গীকারনামায় তাজুল ইসলাম বলেন, আমি মুন্সিপাড়া কাদেরিয়া মসজিদের মুয়াজ্জিন।

গত ২৭ রমজান জাপানি নাগরিক কুনিও হোশি আমার সামনে আমাদের মসজিদের ইমাম পাগলাপীর হরকলি এলাকার আব্দুর সবুরের পুত্র মো. সিদ্দিক হোসেনের কাছে স্বেচ্ছায় পবিত্র কালেমা উচ্চারণ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মুসলিম নাম রেখেছেন গোলাম মোহাম্মদ কিবরিয়া। তিনি আমাদের মসজিদে নামাজও আদায় করেন। তিনি একজন মুসলাম।

তবে, এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাযনি জাপানি নাগরিক কুনিও হোশির মৃত দেহ কোন কবর স্থানে দাফন করা হবে।

Ads