হত্যা মামলায় নারায়ণগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড
০৫ অক্টোবর ২০১৫, ১০:৪২ পিএম
ষ্টাফ রিপোর্টার :: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দীর্ঘ তিন বছর আগের উজ্জ্বল হত্যা মামলায় আদালত চার ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সোমবার বেলা ১১টার দিকে বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এই রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম জানান, ফাঁসির দণ্ডের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা এবং সেই সঙ্গে এক আসামিকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে ছয় আসামিকে হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার আবুল কাশেম (৫০) ও তার ছেলে সুজন (২৪), ওই এলাকার মৃত নুরী মিয়ার ছেলে কালু (৪৮) ও তার ছেলে আজমান (২৬)। অন্যদিকে খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- আনার বেগম, আঙ্গুরী বেগম, মুক্তি বেগম, লিপি, পারভীন ও মালেকা।
আসামীদের রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে শুধু সুজন উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সুলতানউজ্জামান।
প্রসিকিউটর আব্দুর রহিম সাংবাদিকদের জানান, ২০১২ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা বড় মসজিদ এলাকার উজ্জ্বল মিয়াকে মারধর করে এবং ছুরিকাঘাতে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা।
এই ঘটনায় ওই সময় নিহতের বাবা লুৎফর রহমান বাদী হয়ে সুজন সহ ১০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করার পর তদন্ত শেষে ১০ আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দিলেন।
































