সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ ব্যক্তি নিহত
২৯ সেপ্টেম্বর ২০১৫, ০২:১৫ পিএম
ষ্টাফ রিপোর্টার :: সাতক্ষীরার শ্যামনগরের বড়কুপোট গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য।
সোমবার রাত ১১ টার দিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ২ ব্যক্তি সুন্দরবনের সশস্ত্র জলদস্যু। এরা হলেন- আলাল বাহিনী প্রধান আলাল ও তার সহযোগী শহীদুল ইসলাম। ঘটনাস্থল থেকে ২০ রাউন্ড গুলিসহ একটি শাটার গান উদ্ধার করেছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সোমবার রাতে ২ জলদস্যু আলাল গাজী ও শহীদুল ইসলাম বড়কুপোট গ্রামে যেয়ে তাদের কাছে জিম্মি হিসেবে আটক থাকা সাধারণ জেলেদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে পৌছায়।
তিনি আরও জানান, পুলিশ উপস্থিত টের পেয়ে আলাল ও তার সহযোগীরা পুলিশের ওপর প্রথমে গুলিবর্ষণ করে ও ককটেল নিক্ষেপ করে তাদের প্রতিহত করার চেষ্টা করে। পুলিশও এসময় পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট যাবত বন্দুকযুদ্ধের পর দু’জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে শ্যামনগর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন নিহতদেরকে জলদস্যু আলাল ও শহীদুল নামে শনাক্ত করেন। আলাল আশাশুনির শীতলপুর গ্রামের আলিউদ্দিন গাজীর ছেলে ও শহীদুল ইসলাম শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট গ্রামের রশিদ সরদারের ছেলে। তাদের দু’জনের বিরুদ্ধে শ্যামনগরসহ বিভিন্ন থানায় ৬টি করে মামলা রয়েছে।
































