চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
নিরাপত্তার অজুহাতে চট্টগ্রাম রেলওয়ে লোকমাস্টাররা এখনও ট্রেন চলাচলে রাজি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আটটি বাস রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের দুর্ঘটনার জেরে লোকমাস্টার, গার্ডকে মারধর করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
নগরীর ষোলশহরের স্টেশন মাস্টার জয়নাল আবেদীন জানান, যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু সমাধান না হবে ততক্ষণ শাটল ট্রেন বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ষোলশহর থেকে পাঁচটি ও বটতলী থেকে তিনটি বাসের ব্যবস্থা করেছে শিক্ষার্থীদের যাতায়াতে জন্য।
























