মাদকের টাকা না দেওয়া মা’কে খুন : নেশাগ্রস্ত ছেলের আমৃত্যু কারাদণ্ড

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ নভেম্বর ২০২২, ০৯:৪৩ পিএম


মাদকের টাকা না দেওয়া মা’কে খুন : নেশাগ্রস্ত ছেলের আমৃত্যু কারাদণ্ড

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ক্ষ্মীপুরে ১০ টাকার জন্য মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার দায়ে নেশাগ্রস্ত ছেলে জাফরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসময় তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাজাপ্রাপ্ত মো. জাফর (২৭) জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের সর্দার বাড়ির হোসেন আলীর ছেলে।

 

মামলার বিবরণে জানা যায়, আসামি জাফর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাদক সেবন শুরু করে। এ জন্য জাফরকে অনেক টাকা ঋণ করতে হয়। ওই ঋণ পরিশোধ করার জন্য বিভিন্ন সময়ে জাফর তার মায়ের কাছে টাকা দাবি করে আসছিল। ঘটনার দিন অর্থাৎ ২০২০ সালের ২৮ আগস্ট সকালে তার ৬০ বছর বয়সী মা শেফালী বেগমের কাছে আবার টাকা দাবি করেন তিনি। এসময় মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে জাফর তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তখন ঘরে অন্য কেউ ছিল না। এ ঘটনার পর রাতেই ছেলেকে একমাত্র আসামি করে রায়পুর থানায় মামলা করেন বাবা হোসেন আলী। ঘটনার পরদিন আসামি জাফরকে একই এলাকা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে একই বছরের ২৩ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন।

 

জাফরের আইনজীবী হাবিবুর রহমান জানান, আসামি জাফরের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত আমাকে জাফরের আইনজীবী নিয়োগ করেন।  জাফর বেকার হয়ে মাদকসেবনে জড়িয়ে পড়ে। তিনি পুরোপুরি মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগস্ত হয়ে যায়। এজন্য তিনি তার মাকে হত্যা করেছেন। সুস্থ মস্তিষ্কে তিনি হত্যাকাণ্ডটি ঘটাননি। আমরা রায়ের বিরুদ্ধে আপিল করবো উচ্চ আদালতে।

 

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন জানান, শুধুমাত্র নেশার ১০ টাকার জন্য  জাফর তার মাকে কুপিয়ে হত্যা করেছে। এ মামলায় জাফর একক আসামি। রায়ের সময় জাফর উপস্থিত ছিলেন।

Ads