আহতদের রক্ত দিতে হাসপাতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
০৫ জুন ২০২২, ০৩:২৫ পিএম
ছবি- সংগৃহীত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তিদের রক্তের প্রয়োজন মেটাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকশ শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ রোববার ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে করে ওই শিক্ষার্থীরা চমেক হাসপাতালে যান। এর আগে দগ্ধ ও আহত ব্যক্তিদের জন্য রক্তের প্রয়োজন বলে জানিয়েছিল চমেক হাসপাতাল কর্তৃপক্ষ।
সীতাকুণ্ডে ওই কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন সদস্য রয়েছেন বলে জানা গেছে। জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, এ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তির সংখ্যা দেড় শতাধিক বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪৩ জন এবং পুলিশের ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের পর এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা। এ ছাড়া আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।
এদিকে, বিস্ফোরণের পর ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কনটেইনারে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে চট্টগ্রাম মহানগরীর সব ফায়ার সার্ভিস স্টেশন কাজ করছে। এ ছাড়া কুমিল্লা ও ফেনীসহ আশপাশের এলাকার ফায়ার সার্ভিসও যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে।
এ ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, একসঙ্গে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চমেক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। পরে চট্টগ্রামের জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বেসরকারি হাসপাতালগুলোতে আহত ব্যক্তিদের পাঠানোর উদ্যোগ নেয় প্রশাসন।
























