ফটিকছড়ির দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ঈদ উপহার দিলেন ওসি
২৯ এপ্রিল ২০২২, ০৪:৩৫ এএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
আসন্ন ঈদুর ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা স্বরূপ শুভেচ্ছা উপহার দিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার।
২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে থানা কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে ফটিকছড়ি থানার আওতাধীন দু'টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধার জন্য স্ব স্ব ইউনিয়নের কমান্ডারদের মাধ্যমে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার সোহেল কুদ্দুসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, বোরহান উদ্দীন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেওয়ান শামছউদ্দীন ও ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।
এসময় মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন কমান্ডারগণ এবং থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী এ উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি। যার ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। আসন্ন ঈদ উপলক্ষে ফটিকছড়ির মাননীয় এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নির্দেশনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা স্বরূপ ক্ষুদ্র উপহার প্রদান করেছি।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি।
























