মায়াবী মুখগুলোর নির্মম হারিয়ে যাওয়া !
২৪ নভেম্বর ২০২১, ০৮:১৯ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শান্ত।
এসএসসি পরীক্ষা শেষে স্বপ্নের লন্ডনে হাওয়া হলো না মেহেদী হাসান শান্তর। সড়ক দুর্ঘটনায় নিভে গেছে শান্তর কচিপ্রাণ। নিভে গেছে পরিবারের স্বপ্ন-স্বাদ আর আশার প্রদীপ। এমন মায়াবী কচিমুখের এভাবে হারিয়ে যাওয়া এলাকার কেউই মানতে পারছে না।
এসএসসি পরিক্ষার পর জীবনকে বদলে দিতে লন্ডন পাঠানোর পরিকল্পনা ছিল শান্ত’র পরিবারের। বাবা মার স্বপ্ন পুরণে লন্ডন যাওয়ার চেতনায় উজ্জীবিত শান্ত একেবারে শান্ত হয়ে ঘুমিয়ে আছে মাটির ঘরে। যে ঘুম ভাঙবে না আর কোনোদিন।
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের মো. হানিফ পাটওয়ারীর একমাত্র ছেলে মেহেদী হাসান শান্ত এসএসসি পরীক্ষা শেষ করে আনন্দ করতে বন্ধুদের সঙ্গে কপি হাউজ থেকে ফেরার পথে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। একই ঘটনায় নিহত হয় একই বাড়ির আক্তার পাটওয়ারীর ছেলে আশ্রাফুল ইসলাম আসিফও। মর্মন্তুদ এই ঘটনায় এলাকাবাসী কোনোভাবেই যেন শোক ভুলতে পারছে না।
মায়াবী আর দূরন্ত একই বাড়ির দুজন তরতাজা কিশোর হঠাৎ এমন মর্মন্তুদ ঘটনায় হারিয়ে যাবে ! তা কারোরই কল্পনায়ও ছিলো না। কয়েকদিন পর এসএসসি’র রেজাল্ট বের হবে। হয়তো তারা ভাল রেজাল্ট করবে, তারপর পড়ে থাকবে সার্টিফিকেট। উচ্চ শিক্ষা অর্জনের জন্য হবে না তাদের ছুটাছুটি।
২৩ নভেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় নিভে যায় শান্তর তাজা প্রাণ। কে জানতো, এসএসসি পরিক্ষা শেষ করে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে। এমন মৃত্যুশোক জন্মধাত্রী মা কি করে সইতে পারে! একমাত্র ছেলেকে ঘিরে, কতো স্বপ্ন, কতো আশা ছিল তাদের। আজ সবই যেন শোকের জলে ভাসছে। যে প্রাণ শুধু হাসতো, বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাইকে হাসাতো। সে প্রাণ আজ চিরতরে নিথর! এমন মৃত্যু যেন আর কারো না হয়।
চাঁদপুর থেকে তথ্যসহায়তা করেছেন- সজিব খান
ও/এফ

































