৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
৩০ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
রাজধানীর মতিঝিল এলাকা হতে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মর্জিনা খাতুন (৫৩), গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ০৯:১০ ঘটিকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মতিঝিল থানাধীন আরামবাগ এলাকার বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকা থেকে মর্জিনা খাতুনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতের দেহ বিধিমোতাবেক তল্লাশি করে তার সাথে থাকা একটি গোলাপী রঙের কাঁধের (ভ্যানিটি) ব্যাগ এবং লাল রঙের একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে খাকি কাগজ দ্বারা বিশেষ কৌশলে মোড়ানো ২০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর প্রতিটিতে ২০০ পিস করে সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গ্রেফতারকৃতের ব্যবহৃত ০১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
ডিএমপির মতিঝিল থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



































