লামায় ফসলের ক্ষেতের আড়ালে গাঁজা চাষ!
২০ এপ্রিল ২০১৯, ০৯:০৯ পিএম
বান্দরবানে লামায় ফসলের ক্ষেতের আড়ালে মাদকদ্রব্য গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। পরে গাঁজা বাগানের সব চারা ধ্বংস করা হয়। এসময় ঘটনাস্থল থেকে গাঁজা চাষির স্ত্রী খুরশিদা বেগমকে আটক করে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) সকালে লামা পৌর শহরের কাছাকাছি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে রোয়াজা ঝিরি এলাকায় এই অভিযান চালালে এই জমির সন্ধান পায় পুলিশ। ২০ শতক জমিতে চাষ করা প্রায় ৮ শতাধিক পূর্ণ বয়স্ক গাঁজা গাছ ও ১ হাজারের মত গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়েছে বলে লামা থানা সূত্রে জানা গেছে।
জানা যায়, গাঁজা ক্ষেতের মালিক মো. ইয়াহিয়া মিন্টু গত বছরে জমির মালিক লামা পৌরসভার ছাগলখাইয়া এলাকার বাসিন্দা আব্দুস ছালাম লেদু কাছ থেকে এক বছরের জন্য ১৫ হাজার টাকায় ৬০ শতক জমি চুক্তিভিক্তিক বর্গা নেয়। সেখানে ভুট্টা, শিম, পেঁপে, বেগুন, মরিচ সহ নানা মৌসুমী ফসলের ক্ষেতের আড়ালে গাঁজা চাষ করছিলেন মিন্টু। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাঁজা ক্ষেত ধ্বংস করে। তবে ঘটনাস্থল থেকে মিন্টুর স্ত্রীকে আটক করা গেলেও মিন্টুকে আটক করতে পারেনি।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে গাঁজা চাষের খবর পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। এসময় গাঁজা চাষি মো. ইয়াহিয়া মিন্টুর স্ত্রী খুরশিদা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।





























