উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন- বীর বাহাদুর উশৈসিং
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৮ পিএম
নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব পরিমন্ডলে ব্যাপক প্রশংসিত। এ নিপুন দক্ষতায় বাংলাদেশ এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভূ-গ্রহে। এবং বর্তমানে দেশে শিক্ষার হার বেড়েছে, শিশু-মাতৃ মৃত্যুহার কমেছে। বাংলাদেশ দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গেছে। বাংলাদেশে বঙ্গবন্ধুর দেশরত্ন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ হাসিনা শেষ, বাংলাদেশও শেষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সুবিধার্থে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষাখাতে বেশি মনোযোগ দিয়েছেন।নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী এম এ কালাম সরকারী ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরও তিনি বলেন, নাইক্ষ্যংছড়িতে বারবার সরকারের উন্নয়নের বার্তা নিয়ে আসা হয় এবং মনে হচ্ছে যেন গোটা বান্দরবানই আমার পরিবার। সবার দেখাশোনা করা আমারই দায়িত্ব ও কর্তব্য। তাই সবার কল্যানের জন্য কাজ করতে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। এক যুগ পূর্বের নাইক্ষ্যংছড়ি আর বর্তমানের নাইক্ষ্যংছড়ি আকাশ-পাতালের ব্যবধান। এ সব কাজ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দায়িত্ব নিজ হাতে নেওয়ার পর থেকেই পুরো জেলায় আমূল পরিবর্তন ঘটেছে।
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আ ও ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু ছিদ্দিক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাবা সাদিয়া আফরিন কচি, জেলা পরিষদ সদস্য ক্যনেওয়ান চাক, থিংথিং মা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, ক্যাসাপ্রু মার্মা, মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বার, দৌছড়ি ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, এমপি প্রতিনিধি খাইরুল বশর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় নাইক্ষ্যংছড়িতে সকাল ১০ টায় পৌছানোর পর বিশ্ব প্রমাণ্য চিত্র, নাইক্ষ্যংছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, বৌদ্ধ বিহার ভিত্তি প্রস্থর, নাইক্ষ্যংছড়ি সরকারী ডিগ্রী কলেজ শহীদ মিনার, কলেজের একাডেমিক ভবন ও অডিটরিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
























