নতুন বছরের শুরুতেই আবহাওয়া অফিস দুঃসংবাদ দিলো
৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:১০ পিএম
ছবি - সংগৃহীত
প্রচণ্ড ঠান্ডার পর সূর্য ওঠায় কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হলেও বছরের শুরুতেই ফের বৃষ্টি ও শৈত্যপ্রবাহের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। আগামী ২ জানুয়ারি রাত থেকে আবারো বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, নতুন বছরের শুরুতেই বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে জানুয়ারির ২ তারিখ রাত থেকে ৪ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। আর এ বৃষ্টি কোথাও গুঁড়ি গুঁড়ি হবে আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে।
তাদের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসে দেশে ২ থেকে ৩ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলাসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২টি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।


































