হাইতিকে ৩-০ গোলে ওড়াল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০২৬, ০৯:১৯ এএম


হাইতিকে ৩-০ গোলে ওড়াল ব্রাজিল

 

বিশ্বকাপের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল সেলেসাওদের। তবে সেই হতাশা ভুলে হেক্সা মিশনের দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরল কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল।

শনিবার (১৯ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হওয়া এই ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মূলত ঘুরে দাঁড়ানোর মিশন। ‘সি’ গ্রুপের আন্ডারডগ হাইতির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেইমার-ভিনিসিয়ুসরা। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

পুরো ম্যাচজুড়ে হাইতির রক্ষণভাগকে ব্যস্ত রাখা ব্রাজিল শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। এই দাপুটে জয়ের ফলে বিশ্বকাপের নকআউট পর্বের দৌড়ে দারুণভাবে টিকে রইল লাতিন আমেরিকার এই পরাশক্তি। প্রথম ম্যাচের ড্রয়ের হতাশা কাটিয়ে এই বড় জয় ব্রাজিলের হেক্সা মিশনের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ব্রাজিলের পক্ষে প্রথমার্ধের ২২ ও ৩৫ মিনিটে দারুণ দুটি গোল করে জোড়া গোল পূর্ণ করেন মাথেউস কুনহা এবং এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিটে) দলের হয়ে তৃতীয় গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। 

Ads