ভারতে বিশ্বকাপ খেলা প্রসঙ্গে আসিফ নজরুল যা বললেন এবার

স্পোর্টস ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম


ভারতে বিশ্বকাপ খেলা প্রসঙ্গে আসিফ নজরুল যা বললেন এবার

ছবি- সংগৃহীত

ইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এ ঘটনার পর ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পদক্ষেপ, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘বিশ্বকাপ খেলতে চাই, তবে জাতির অবমাননার বিনিময়ে নয়। অসম্মানের বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না।’

‘নিরাপত্তা ইস্যু মুখ্য করে দেখছি। ভারতে খেলার পরিস্থিতি নেই। ক্রিকেটারদের মর্যাদায় কোনো আপোশ নয়, শ্রীলঙ্কাতেই খেলতে চাই।

আসিফ নজরুল আরও বলেন, ‘আইসিসিকে বুঝাতে চাই প্রথমে। পরবর্তী পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আইসিসিকে চিঠি পাঠানো হবে কাল অথবা আজ।’

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে এক বিবৃতিতে আইসিসির সঙ্গে যোগাযোগের পর পাওয়া প্রতিক্রিয়া তুলে ধরেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এই বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এই বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বোর্ডের উত্থাপিত উদ্বেগ এবং দলের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে একটি প্রতিক্রিয়া পেয়েছে

আইসিসির ওই যোগাযোগে বাংলাদেশ দলের টুর্নামেন্টে পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে আইসিসি বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে ইভেন্টটির বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামত স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে।'

এই বিবৃতিতে ইএসপিএন-ক্রিকইনফোর খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে, 'বিসিবি গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে দাবি করা হয়েছে যে এ বিষয়ে বোর্ড নাকি কোনো ধরনের চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুকে প্রতিফলিত করে না।

Ads