আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ এএম


আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

 
রোববার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। তারমধ্যে একটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল স্কটিশদের বিপক্ষে ৮৮ মিনিটে গোলটি করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৯০১তম গোল।

কদিন আগেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করে তিনি বলেছিলেন, ক্যারিয়ারে এক হাজার গোল করতে চান তিনি। রোনালদো সেই পথে কতটা দৃঢ়, তার নমুনা দেখা গেছে গত রাতের ম্যাচে। বদলি হিসেবে মাঠে নেমে ৮৮ মিনিটে তিনি গোল করেছেন। 

আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১৩২তম গোল। নুনো মেন্ডেসের পাস থেকে করা এই গোলের সুবাদে নতুন এক বিশ্বরেকর্ডও করে ফেলেছেন সিআরসেভেন। জাতীয় দলের হয়ে ৪৮তম প্রতিপক্ষের বিপক্ষে গোল করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। কোনও একক খেলোয়াড়ের এতো বেশি দেশের বিপক্ষে গোলের নজির নেই। 

লুক্সেমবার্গের বিপক্ষে ১১ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। লিথুনিয়া ও সুইডেনের বিপক্ষে করেছেন ৭টি করে গোল। অ্যান্ডেরা এবং হাঙ্গেরির বিপক্ষে করেছেন ৬টি করে গোল। আর্মেনিয়া, লাটভিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে করেছেন ৫টি করে গোল। বসনিয়া-হার্জেগোভিনা, ফ্যারো আইল্যান্ড, নেদারল্যান্ডস ও এস্তোনিয়ার বিপক্ষে আছে ৪টি করে গোল। 

রোনালদো মূলত ডান পায়ে বেশি খেলেন। তবে তার দুই পা সমানভাবেই চলে। আন্তর্জাতিক ম্যাচে বাঁ পায়ে তিনি গোল করেছেন মোট ৩১টি। ডান পায়ে তার গোল আছে ৭৩টি। হেড করে রোনালদো গোল করেছেন ২৮টি। ফ্রি-কিক থেকে ১১টি, পেনাল্টি থেকে ২০টি এবং ওপেন প্লে থেকে তার গোল সংখ্যা ১০১টি। 

জাতীয় দলে রোনালদোকে সবচেয়ে বেশি গোলে সহায়তা করেছেন হোয়াও মুতিনিয়ো ও রিকার্ডো কোয়ারেজমা। দুজনেই রোনালদোকে ৮টি করে গোলে সহায়তা করেছেন। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে দিয়েগো জোটা ও বের্নার্দো সিলভা রোনালদোকে অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। 

 

Ads