সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ
গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে- ডা. শফিকুর রহমান
২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ৫১ শতাংশ মানুষের রায় আপনারা মানেন, কিন্তু ৭০ শতাংশ মানুষের রায় মানেন না- এটা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতায় বসে বিএনপি তাদের ৩১ দফাও ভুলে গেছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপিকে লক্ষ্য করে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার কাছাকাছি পৌঁছে কিংবা ক্ষমতায় আসীন হয়ে বিএনপি তাদের পূর্বঘোষিত '৩১ দফা' সংস্কার প্রস্তাবও ভুলে গেছে। তিনি অভিযোগ করেন, "আপনারা ক্ষমতায় বসার আগে জাতির সামনে বড় বড় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই ৩১ দফা কোথায়? আপনারা প্রতিটি বিষয়ে এখন বিতাড়িত ও পলাতক ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছেন। কিন্তু মনে রাখবেন, হাজার চেষ্টা করেও আপনারা ওই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর তাদের একটি দুর্বল সংস্করণ বা 'দুর্বল আওয়ামী লীগ' হতে পারবেন।"
তিনি আরও যোগ করেন, "আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে তুচ্ছতাচ্ছিল্য করত, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত। আজ তাদের কী দশা, তা সারা বিশ্ব দেখছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন। ইতিহাস থেকে শিক্ষা না নিলে পরিণতি ভয়াবহ হতে বাধ্য।"
জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা উল্লেখ করে আমির বলেন, "আমরা সংসদের প্রথম দিনেই জনগণের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরেছি। আমরা শপথ নিয়েছি জনগণের অধিকার রক্ষার জন্য, কিন্তু অনেকে জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। যখনই আমরা গুরুত্বপূর্ণ আইন সংশোধন বা অধ্যাদেশ বাস্তবায়নের নোটিশ দিয়ে আলোচনার দাবি তুলেছি, তখনই একটি পক্ষ তার বিরোধিতা করেছে। অথচ সেই আইনগুলো সংশোধন না হলে ফ্যাসিবাদের কাঠামো ভাঙা সম্ভব নয়।"
তিনি ঘোষণা করেন, "সংসদে আমাদের কথা বলতে বাধা দেওয়া হলে কিংবা রাজপথে জনগণের ভোটাধিকার হরণ করা হলে লড়াই থামবে না। আমরা পরিবর্তনের যে শপথ নিয়েছি, তা বাস্তবায়নে রাজপথ ও সংসদ- উভয় ক্ষেত্রকে আমরা সংগ্রামের ময়দান হিসেবে বেছে নেব।"
বক্তব্যের শেষাংশে ডা. শফিকুর রহমান তার দলের আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই না যেখানে ভয় আর শঙ্কা মানুষের নিত্যসঙ্গী। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশ চাই, যেখানে কোনো শিশু, কিশোর বা যুবক যখন ঘর থেকে বের হবে, তখন তার পরিবারের বুক কাঁপবে না। আমার মা-বোনেরা যখন রাজপথে চলবেন, তখন তারা পূর্ণ নিরাপত্তার অনুভব করবেন।"
শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, কুড়াল বা কোনো মরণাস্ত্র দেখতে চাই না। আমরা তাদের হাতে দেখতে চাই খাতা আর কলম। কোনো 'আদুভাই' বা 'দাদুভাই' যেন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের পড়াশোনার পথ আটকাতে না পারে, সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। মেধা ও নৈতিকতার ভিত্তিতে দেশ গড়ার কারিগর তৈরি করতে হবে।"
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সব দলের সমান অংশগ্রহণে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চার ওপর জোর দেন। ডা. শফিকুর রহমানের এই কড়া বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে, যা আগামী দিনের রাজনৈতিক মেরুকরণে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


























