সরকার একজনকেই শপথ পড়াতে পারছে না, তিনশ সদস্যকে কীভাবে পড়াবে? প্রশ্ন ইশরাক-এর
২৯ মে ২০২৫, ০৩:৫৬ পিএম
বর্তমান সরকার একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না ভবিষ্যতে নির্বাচিত তিনশ সংসদ সদস্যকে কীভাবে শপথ বাক্য পাঠ করাবে প্রশ্ন তুলে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।
এসময়ে তিনি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুততম সময়ের মধ্যে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করা হবে।
ইশরাক হোসেন বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেয়ার পরও গড়িমসি করছে সরকার। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর।
এইদিকে, পূর্বঘোষণা অনুযায়ী আজ নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইশরাকের কর্মী-সমর্থকরা। কয়েকদিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলন বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে যান তাদের কর্মসূচি।























