প্রত্যেক ভোটারকে ভোটকর্মী হিসেবে গড়ে তুলতে হবে- মুজিবুর রহমান
১৮ মে ২০২৫, ১১:৫৭ এএম
প্রত্যেক ভোটারকে ভোটকর্মী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর এ জন্য ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি।
আজ রবিবার (১৮ মে) সকালে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও উপজেলা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ‘ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ, সে জন্য আল্লাহ কাছে ধর্ণা দিতে হবে। গরিব, অসহায় ও অসুস্থ্য মানুষের পাশে দাঁড়াতে হবে। খাওয়ায় সময় একজন হলেও গরিব মানুষকে সাথে নিতে হবে।’
তিনি মতবিনিময় সভায় ছাত্র, শ্রমিক ও জামায়াতের দায়িত্বশীলদের সাংগঠনিক কাজের খোঁজখবর নেন এবং পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘নীলফামারী জেলা জামায়াতের অন্যতম জনসম্পৃক্ত জনপদ।’
আগামী নির্বাচনে এই জেলার সকল আসনে তিনি ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু প্রমুখ।























