সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম


সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক ছাড়া অন্য কেউ যাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা নিতে না পারেন, সে জন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা সুস্পষ্ট করা প্রয়োজন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন। সভায় পূর্ববর্তী বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কে সাংবাদিক হিসেবে গণ্য হবেন এবং কে হবেন না—তা স্পষ্ট থাকা প্রয়োজন।

সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুস্পষ্ট কাঠামো প্রণয়নের প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ আহ্বান করেন তথ্য প্রতিমন্ত্রী।

সভায় বক্তব্য দেন আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইউএনবির ডেপুটি এডিটর মাসুদুল হক, দৈনিক আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ অনেকে।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ads