ধর্মীয় সম্প্রীতি অটুট থাকবে, ষড়যন্ত্র সফল হবে না: রিজভী
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা বারবার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে এসব চেষ্টা সফল হবে না এবং বাংলাদেশের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী বলেন, দেশের সংখ্যালঘু ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিষয়গুলো সঠিকভাবে দেখভাল এবং তাদের উন্নয়নের লক্ষ্যেই বিভিন্ন ট্রাস্ট ও কল্যাণ সংগঠন গঠন করা হয়েছিল।
তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম ভিত্তি হলো অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা। বিএনপি দেশের সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার কথা বলে আসছে।
রিজভীর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করেছিলেন।
রিজভী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের মধ্যে যে পারস্পরিক প্রীতি ও বন্ধন রয়েছে, তা দীর্ঘদিনের। কোনো ষড়যন্ত্রই এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন।
এ সময় বিএনপির নেতা মাহদী আমিন বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন।























