প্রতিমা বিসর্জনে খাগড়াছড়িতে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

খাগড়াছড়ি প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম


প্রতিমা বিসর্জনে খাগড়াছড়িতে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন নদ-নদী ও নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

জেলার ৬৮টি পূজামণ্ডপের মধ্যে ঘটপূজা ও স্থায়ী প্রতিমা ছাড়া অন্য প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন ভক্তরা। পরে দেবী দুর্গাকে সিঁদুর ও লাল শাড়িতে সাজিয়ে বিদায় জানান তাঁরা। প্রতিমা ট্রাকে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসর্জনস্থলে নেওয়া হয়। এ সময় ভক্তদের নাচ-গান ও আনন্দ-উল্লাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী, মাইনী ও ফেনী নদীসহ জেলার বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ উপলক্ষে নদীর তীরে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা।

বিজয়া দশমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এদিকে, বিজয়া দশমীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়িতে এবারের শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটে।

Ads