মিরকাব (কুয়েত) মার্কেটে ‘বাংলাদেশ’ বাংলা মার্কেট
১০ ডিসেম্বর ২০১৫, ০৭:১৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: মিরকাব (কুয়েত) মার্কেটের ভেতরে ঢুকেই নিজ চক্ষুকে বিশ্বাস করতে পালাম না। মনে হল কল্পনার জগতে বাস্তব এক স্বপ্ন পূরনের দৃশ্য। আর কল্পনার বাহনে চড়ে মধ্যপ্রাচ্য ছেড়ে নিজের মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসেছি।
বাংলাদেশি, বাংলা ভাষা। সব মিলিয়ে ‘বাংলা মার্কেট’। বলছি কুয়েত সিটির মিরকাবের ‘সুক আল ওয়াতিনার’ কথা। যার মানে দাঁড়ায় জাতীয় বিপণি বিতান। কারণ অবশ্যই আছে। এটাই কুয়েতের ইতিহাসে নাম লেখানো প্রথম মার্কেট।
আটতলা মার্কেটের প্রথম ও দোতলা নিয়ে চারশ’ দোকান। সবার কাছে পরিচয় ওয়তিনা মার্কেট বা বাংলা মার্কেট। আধুনিক আরও অনেক শপিং মল আর বিপণি বিতানের চাপে আরব ছেড়ে বাংলাদেশিদের দখলে এই মার্কেট। কী নেই এখানে!
মোবাইল, গার্মেন্টস, ল্যাগেজ, জুয়েলারি? সবই মেলে এসব দোকানে। মার্কেটের দু’টি ফ্লোর জুড়েই কেবল বাংলাদেশ! নিচ তলায় কথা হলো বিভিন্ন ব্যবসায়ী ও ক্রেতার সঙ্গে। চোখে পড়লো সুপার গিফট সেন্টারেরও। ঘড়িসহ যাবতীয় উপহার সামগ্রী বিক্রি হয় দোকানটিতে। ফেনীর দাগনভূঁইয়ার আবু হেনা মোস্তফা কামাল বাবলু পরিচালনা করেন এ দোকান।
বেচা-কেনায় ব্যস্ত সবাই। কেউ ঢাকার মতোই ক্রেতাদের নজর কারছেন নানা কায়দায়। কেউ বা ক্রেতাদের গতিবিধিও পর্যবেক্ষণ করছেন রাজধানীর বিভিন্ন বিপণি বিতানের কায়দায়।
দেশে ফিরে যাবার আগে কুয়েত ভ্রমণের স্মৃতিকে সঙ্গী করতে এই মার্কেট থেকে নানা উপহার সামগ্রী কিনে নেন বাংলাদেশিরা।
আরবির রাজত্বে বাংলা ভাষার এই জয় জয়কারে দেশ প্রেমের উদাহরণ দিতেও ভুল করেন না এখানকার ব্যবসায়িরা। কর্মব্যস্ত প্রবাস জীবনে অবসরের আড্ডায় মিলিত হতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে অনেকে আসেন এখানে। সবাই যখন এক হয় তখন মিলন মেলায় পরিণত হয়।

































