আইয়ূব বাচ্চুর ব্যান্ড ফেস্ট
২৮ নভেম্বর ২০১৬, ০৫:২৩ পিএম
চ্যানেল আইয়ের আয়োজনে ২০১৪ সাল থেকে ডিসেম্বর মাসের প্রথম দিন প্রচার হয়ে আসছে ব্যান্ড ফেস্ট। সকাল ১১টা ৫ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরাসরি প্রচার হয় এই অনুষ্ঠান। তৃতীয়বারের মতো এই ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ‘ব্যান্ড ফেস্ট’ উদ্বোধন করবেন।
আগামী ১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার হবে এটি। এতে আইয়ূব বাচ্চুর এলআরবি ছাড়াও ব্যান্ডদল ‘শিরোনামহীন’, ‘ব্ল্যাক’, ‘অবসকিউর ‘ডিফারেন্ট টাচ’, ‘বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস’-এর মতো প্রথম সারির ব্যান্ডগুলো অংশ নেবে।
জানা গেছে, পপশিল্পী মেহরিনও অংশ নেবেন এই উৎসবে। আরও থাকছে উচ্চারণ, ম্যাট্রিক্যাল, তিরন্দাজ, স্পন্দন, কনক্লুশন, সিন, কার্নিভাল, দ্য ম্যানেজার, পোড়াহো, বাংলাদেশ, তরুণ, ব্লু-জিনস, ইনফার্নো, ব্রাদারহুড প্রজেক্ট, সারগাম ও পিপীলিকার মতো এই প্রজন্মের কয়েকটি ব্যান্ডদল। আইয়ূব বাচ্চু বলেন, ‘ভ্রাতৃত্বের বন্ধনের সত্যিকার চিত্র দেখা যায় এই ব্যান্ড ফেস্টে। তৃতীয়বারের মতো এই উৎসব হতে যাচ্ছে বলে মন থেকে অনেক খুশি ও আনন্দিত আমি। আমি আশাবাদী যে, আগামীতে এই ফেস্ট বিশালাকার ধারণ করবে এবং তরুণরা এতে আরও বেশি বেশি করে অংশগ্রহণ করবে। চ্যানেল আইয়ের উদ্যোগের সাথে আমি ছিলাম, আছি, থাকবো। আশা করি এবারের ব্যান্ড ফেস্ট শ্রোতা দর্শকরা আগ্রহ নিয়ে উপভোগ করবেন।’ শুরু থেকেই ব্যান্ড ফেস্ট প্রযোজনা করে আসছেন অনন্যা রুমা। এবার এটি উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সিজিল মির্জা ও সাফওয়ান সাফি।
এদিকে আগামী ২০ ডিসেম্বর এলআরবি ‘রজতজয়ন্তী’ উদযাপন করবে বসুন্ধরা নবরত্ন হলে। আইয়ূব বাচ্চু আরও বলেন, ‘এবার আমাদের রজত জয়ন্তীতে অনেক আনন্দ হবে। ২৫ বছরের গল্প উঠে আসবে আমাদের আড্ডায়। অনেক গান হবে, মাস্তি হবে।’



































