আজ চিত্রনায়ক রিয়াজের জন্মদিন
২৬ অক্টোবর ২০১৬, ০৭:০৫ পিএম
এবারের জন্মদিনটা চিত্রনায়ক রিয়াজের জন্য একাকিত্বের। গত মাসেই মাকে চিরদিনের জন্য বিদায় দিয়েছেন এই অভিনেতা। তার মা আরজুমান্দ আরা বেগম গত ৩ সেপ্টেম্বর চলে গেছেন না ফেরার দেশে। এদিকে স্ত্রী মাশফিকা খান তিনা ও একমাত্র মেয়ে আমিরা আছেন অস্ট্রেলিয়ায়।
রিয়াজ বলেন, ‘এমন জন্মদিন আমার জীবনে আর আসেনি। মাকে ছাড়া সত্যিই খুব অসহায় লাগছে। মাকে ছাড়া আমার জন্মদিন কখনই করা হয়ে ওঠেনি। আল্লাহ যেন আমার মাকে বেহেস্ত নসিব করেন।’
মা মারা যাওয়ার পর রিয়াজ মাত্র একটি নাটকেই অভিনয় করেছেন। সুজন বড়ুয়ার নির্দেশনায় তার বিপরীতে নাটকটিতে অভিনয় করেছেন লামিয়া মিমো। অন্যদিকে রিয়াজ তার রেস্তরাঁ ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন।
রিয়াজ ১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র অভিনয়ের আগে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। পরবর্তীতে চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে ১৯৯৫ সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বাংলার নায়ক’। এটি মুক্তি পায় ১৯৯৫ সালে। কিন্তু ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় নিজের ক্যারিয়ার তৈরি করেন রিয়াজ।
ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকারের ‘ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট’ নামের একটি ইংরেজী চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ। এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে অভিনয় করেন।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন তিনি। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলি যথাক্রমে দুই দুয়ারী (২০০০), দারুচিনি দ্বীপ (২০০৭), কি যাদু করিলা (২০০৮)।



































