দীর্ঘদিন পর নববর্ষে গান গাইলেন বিপাশা হায়াত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ এপ্রিল ২০১৬, ০৯:৫৪ পিএম


দীর্ঘদিন পর নববর্ষে গান গাইলেন বিপাশা হায়াত

প্রতিদিনের চিত্র ডেস্ক :: দীর্ঘদিন পর গান গাইলেন বিপাশা হায়াত। ফেরদৌসী রহমানের গাওয়া ‘আজি বাহাল করিয়া বাজান গো দোতরা সুন্দরী কমলা নাচে’ গানটি বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত মাহবুবা ফেরদৌস প্রযোজিত বিশেষ বৈশাখী সঙ্গীতানুষ্ঠান ‘বাকবাকুম পায়রা’ অনুষ্ঠানের জন্য গেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর গানটি প্রচার হবে।

এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, আফজাল হোসেন আঙ্কেলের বিশেষ অনুরোধেই এ গানটি করা।  এর আগে কোথাও এ গান গাওয়ার সুযোগ-সময় হয়ে উঠেনি আমার।  কেমন গেয়েছি তা দর্শক-শ্রোতাই ভালো বলতে পারবেন।  তবে একটি কথা না বললেই নয়, তাহলো- গানের জন্য আমি না, আমার জন্য গান।  গানকে কখনো আমলে নিয়ে আমি সাধনা করিনি যতটা না অভিনয় আর আঁকাআঁকি নিয়ে সাধনা করেছি। তবে এটা সত্য আমি প্রচুর গান শুনি।

এর আগে হানিফ সঙ্কেতের ইত্যাদিতে বিপাশা হায়াত গেয়েছিলেন ‘আকাশ এত মেঘলা যেওনাকো একলা’, আব্দুন নূর তুষারের ‘শুভেচ্ছা’তে গেয়েছিলেন ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ এবং বিটিভিরই একটি অনুষ্ঠানে গেয়েছিলেন তপন চৌধুরীর গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি।

বিপাশা হায়াতের অভিনয় কিংবা আঁকাআঁকির বিষয় যতটা প্রচার-প্রসারে এসেছে তার গানের বিষয়টি সেভাবে আসেনি।

অথচ বিপাশা হায়াতের সংস্কৃতিচর্চার শুরুটা কিন্তু গান দিয়েই। এক সময় তিনি সঙ্গীত শিল্পী হিসেবেই ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। ওস্তাদ খালিদ হোসেন, আখতার সাদমানী, জাকির হোসেন, সানজিদা খাতুন, মিতা হকের মতো বরেণ্য সঙ্গীতজ্ঞদের কাছে তার গান শেখা।

Ads