শাহরুখ-সালমান একসঙ্গে অভিনয় করবেন!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ এপ্রিল ২০১৬, ১০:০২ পিএম


শাহরুখ-সালমান একসঙ্গে অভিনয় করবেন!

প্রতিদিনের চিত্র, বিনোদন ডেস্ক :: বলিউডে খান-দের ‘কোন্দোল’ বছরের পর বছর ধরে চলে আসছে। মুখে কেউ কিছু না বললেও, হাবে ভাবে মাঝে মধ্যেই তাদের প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পেয়ে যায়। তিন খানকে কখনোই একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

অনেক পরিচালক চেষ্টা করেছিলেন পর্দায় তিন খানকে ফ্রেমবন্দী করার, কিন্তু সে আশা, আশাই থেকে গিয়েছে। খুব কৌশলে এ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন শাহরুখ-সালমান-আমির তিনজনেই। করণ-অর্জুন সিনেমার পর শাহরুখ সালমানকে আবার একসঙ্গে দেখা যায় বিগ বসে। কিন্তু তারা আর একসঙ্গে ছবি করেননি।

এবার ফের তারা একসঙ্গে ছবি করতে চলেছেন! মানে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বাদশা-সুলতানকে! এ বছর ঈদের সময় বিগ বাজেটের বিগ ব্যানারে রিলিজ করবে দুটো ছবি। যেখানে ফের প্রতিদ্বন্দ্বিতার মুখে আসবেন শাহরুখ খান-সালমান খান।

শোনা গিয়েছে, শাহরুখ খানের ‘রইস’ আর সালমান খানের ‘সুলতান’ একই দিনে মুক্তি পাবে। কিন্তু যেটা সবথেকে বড় খবর তা হল, শাহরুখ খান নাকি সলমন খানের ‘সুলতান ‘ ক্যামিও করতে চলেছেন! সূত্র থেকে জানা গিয়েছে, কিছুদিন আগে শাহরুখ খান সুলতানের সেটে সালমান খান ও ফারহা খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

যখন তিনি সুলতানের সেটে যান, তখন সালমান খানের সঙ্গে শাহরুখ খানের কথাবার্তার কিছু দৃশ্য সুলতানের টিম মেম্বাররা ক্যামেরাবন্দী করেন। সুলতান ছবিতে একটি দৃশ্য আছে, যেখানে দেখা যাচ্ছে যে, সালমান কোনও একজন সেলিব্রিটির সঙ্গে দেখা করছেন। তাই সুলতান টিম ঠিক করে যে শাহরুখ খানের সঙ্গে সালমান খানের কথা বলার ওই দৃশ্য সুলতান ছবিতে ব্যবহার করা হবে। তবে তা সত্যিই বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সুলতান টিমের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
সূত্র: টাইমস ইন্ডিয়া

Ads