সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এলআরবি’র জন্মদিন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ এপ্রিল ২০১৬, ০৮:৪৯ পিএম


সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এলআরবি’র জন্মদিন

বিনোদন ডেস্ক :: মঙ্গলবার কিংবদন্তী রক ব্যান্ড এলআরবি তাদের পথচলার ২৫ বছর পূরণ করল। অন্যান্য বছরের থেকে তাদের এবারের আয়োজন ছিল একেবারেই অন্যরকম, যার মধ্যমণি ছিলো জাগো ফাউন্ডেশনের তত্বাবধানে পরিচালিত রাজধানীর রায়েরবাজার স্কুলের শতাধিক শিক্ষার্থী। 

১৯৯১ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ব্যান্ড দল হিসেবে এলআরবি যাত্রা করলেও ১৯৯০ সাল থেকেই সংঘঠিত হওয়া শুরু করে জনপ্রিয় এই ব্যান্ড দলটি। মূলত এশিয়ার বিখ্যাত গিটারিস্ট এবং কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরেই এলআরবি‘র যাত্রা। লিটল রিভারব্যান্ড –এর সংক্ষিপ্তরূপ হচ্ছে এলআরবি। যদিও পরবর্তীতে ‘লিটল রিভার ব্যান্ড’ নামটি পরিবর্তন করে রাখা হয় ‘লাভ রানস্ ব্লাইন্ড’।

দেখতে দেখতে পথ চলার ২৫ বছর পূর্তি করলো দলটি। আর এ উপলক্ষে কোন কনসার্ট বা অনুষ্ঠানিক কোন আয়োজন না থাকলেও, দলটির সদস্যরা দিন উদযাপন করেছেন সুবিধাবঞ্চিত কিছু শিশুর সঙ্গে। যারা  জাগো ফাউন্ডেশনের তত্বাবধানে পরিচালিত রাজধানীর রায়েরবাজার স্কুলের শিক্ষার্থী। দিনভর গান, কবিতা, কেক-কাটা, মধ্যাহ্নভোজন আর আলাপচারিতার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটান তারা।

জাগো ফাউন্ডেশনের সঙ্গে শুরু থেকেই জড়িত ছিলেন আইয়ূব বাচ্চু। তাই নিজ উপলব্ধি থেকে তিনি সেই থেকেই জাগো’র দুটি শিশু’র লেখাপড়ার দায়িত্ব নেন। সেদিনের সেই শিশুরা, সুজন আর মর্জিনা, এখন যথাক্রমে সপ্তম ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। অনুষ্ঠানে সেই শিশু দুটিও পুরো ব্যান্ডের সঙ্গে অনেক গৌরবময় আর আবেগঘন মুহুর্ত পার করে। খুব গর্ব নিয়ে তারা আইয়ুব বাচ্চুর সাথে আগ্রহী সহপাঠীদের পরিচয় করিয়ে দিচ্ছিল, চোখে মুখে ছিল তারার ঝিলিক!

অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু ঘোষণা দেন, এলআরবি জাগো’র সাথে সবসময় ছিল, আছে এবং থাকবে। উপস্থিত জাগো-শিশুদের সুশৃংখল ও মার্জিত ব্যবহারে মুগ্ধ হয়ে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো কিছু করার জন্য ইচ্ছাটাই প্রধান। বাচ্চারা, কখনও অহংকার করবে না। এই স্কুলে যে শিক্ষা, আদর্শ নিয়ে তোমরা বড় হচ্ছ, সততার সঙ্গে তা মনেপ্রাণে ধারণ করলে, দেখো তোমরা অবশ্যই আকাশ ছুঁতে পারবে, কেউই তোমাদের আটকাতে পারবে না।

উল্লেখ্য, এলআরবি’র অন্যরকম জন্মদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ, রায়েরবাজার স্কুলের শিক্ষক, অভিনেতা আফজাল হোসেন, চ্যানেল আই’য়ের ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ।

Ads