ঝিনাইদহ উজির আলী স্কুলের ১২২ বছর পূর্তি শিক্ষার্থীরা ক্ষনিকের জন্য ফিরে গেলেন শৈশবে
০৩ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
ঝিনাইদহ উজির আলী স্কুলের ১২২ বছর পূর্তি
বর্নাঢ্য আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উজির আলী স্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে স্কুলটির ১২২ বছর পূর্তি পালন করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
স্কুলটির সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। পুরানো স্মৃতি রোমন্থন করে সময় কাটাতে দেখা যায় ছাত্রছাত্রীদের।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে উজির আলী স্কুল এন্ড কলেজের বিভিন্ন ব্যাচের কয়েক হাজার প্রাক্তণ শিক্ষার্থী অংশ নেন।
সকালে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের পায়রা চত্বর ও সরকারি কেশবচন্দ্র কলেজ সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
র্যালিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা নেতৃত্ব দেন। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ও সাংবাদিক কামরুজ্জামান লিটনসহ প্রতিষ্ঠানটির হাজার হাজার প্রাক্তণ শিক্ষার্থী অংশ নেন। বাদ্য-বাজনা বাজিয়ে ও রঙ-বেরঙের বেলুন হাতে প্রাক্তণ শিক্ষার্থীরা নেচে গেয়ে এ র্যালি করেন। এসময় শহর জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে বিদ্যালয়ের মাঠে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে বিকাল তিনটায় মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী ঝিলিক ও কৌতুক অভিনেতা কাজল।
প্রতিষ্ঠানটির প্রাক্তণ শিক্ষার্থী সাদেক আলী বলেন, বহুদিন পর এরকম একটা আয়োজনের ফলে আমরা একত্রিত হতে পেরেছি। বয়স হয়ে গেছে। তবুও আজ শৈশবের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। মনে হচ্ছে, শৈশবে ফিরে এসেছি।
প্রতি বছর পুনর্মিলন অনুষ্ঠানের দাবি রেখে প্রবীণ প্রাক্তণ শিক্ষার্থী সামাদ আলী বলেন, ৪৫ বছর আগে স্কুল থেকে বিদায় নিয়েছি। এখনও স্কুলের সেই স্মৃতিগুলো মনে পড়ে। আজ অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে। তবে অনেক বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের কথা মনে পড়ছে।
অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, বিগত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদী অপশক্তির দৌরাত্ম ছিল। যে কারণে এধরণের অনুষ্ঠানে মানুষের প্রাণোবন্ত উপস্থিতি ছিল না। এবার আমরা চেষ্টা করেছি, যেন এই আয়োজনে সবাই প্রাণখুলে অংশ নিতে পারে। আমরা চেষ্টা করব, যেন প্রতিবছর এই আয়োজন আমরা করতে পারি।
প্রসঙ্গত, ১৯০৩ সালে তৎকালীন ঝিনাইদহ শহরে ব্যক্তিগত উদ্যোগে উজির আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি জেলার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।































