মামলা প্রত্যাহার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা রাজপথে
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম
পতিত স্বৈরাচার সরকার আমলে ব্রাহ্মণবাড়িয়ায় তিন সহস্রাধিক আলেম-ওলামার বিরুদ্ধে দায়েরকৃত অর্ধশতাধিক মামলা প্রত্যাহার দাবীতে অবশেষ আলেমগণ নামলেন রাজপথে। সরকারের তরফে মামলা প্রত্যাহারের সুস্পষ্ট ঘোষণার দাবীতে করেন মহাসড়ক অবরোধ। বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্ট সীমাহীন যানজটে বাড়ে জনদুর্ভোগ। অবশেষ প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘন্টার মাথায় অবরোধ প্রত্যাহার করার ঘটে জনদুর্ভোগের অবসান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাউতলি এলাকায় মামলা প্রত্যাহার দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন আলেম-ওলামারা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় মহাসড়কের দুইপাশে তৈরি হয় সীমাহীন যানজট, দুর্ভোগে পতিত হন সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, পতিত স্বৈরাচার সরকারের আমলে বিগত ২০১৬ ও ২০২১ খ্রিষ্টাব্দে সালে পৃথক সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৭৫টি মামলা দায়ের হয়। এসব মামলায় হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ তিন হাজারেরও অধিক আলেম-ওলামাকে আসামি করা হয়। এসব মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে আলেম-ওলামারা। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সরকারের তরফ থেকে আজকের মধ্যে মামলা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে অবরোধ চলতে থাকবে বলে জানান অবরোধকারীরা। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেয়ার কথা বললেও তারা অনড় থাকেন। শেষতক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। এমনটি আশ্বস্থ করে অনুরোধ জানানোর পর পৌণে তিন ঘন্টার মাথায় অবরোধ প্রত্যাহার করে নেন আলেম-ওলামারা। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাকারিয়া জানান, 'গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের নামে রাজনৈতিক প্রতিহিংসায় করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না। আজকের মধ্যে মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা না এলে কালকে থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।' অবশ্য, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে পৌণে তিন ঘন্টার মাথায় আলেম-ওলামারা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'আলেম-ওলামাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন মর্মে আশ্বস্থ করে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জনানোর প্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।'

























