খাগড়াছড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
০৫ জানুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম
খাগড়াছড়িতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আজ রোববার সকাল সাড়ে এগারোটায় খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা বিভাগ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, সহকারি শিক্ষা অফিসারবৃন্দ, ইউআরসি ইন্সট্রাক্টরবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা।
উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল বনাম গুইমারা উপজেলা বালক দল এবং বালিকা বিভাগে মাটিরাঙ্গা উপজেলা বালিকা দল বিপক্ষে মানিকছড়ি উপজেলা বালিকা দল খেলছে।
এ সময় জেলার ৯টি উপজেলা থেকে ৯টি বালক দল এবং ৯টি বালিকা দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি।
প্রধান অতিথি জিরুনা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, “এই সময়োপযোগী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এই আয়োজনের মাধ্যমে জেলার ক্ষুদে ফুটবল প্রতিভারা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশে সহায়ক হবে। ক্রীড়া চর্চা ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সর্বদা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।”
































