খাগড়াছড়িতে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত


খাগড়াছড়িতে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত


খাগড়াছড়িতে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় সরকারি-বেসরকারি সংস্থার ৩১টি স্টল সেবা প্রদর্শন করে।  

বুধবার (২৭ নভেম্বর, ২০২৪) সকাল ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে রঙিন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।  

র‌্যালি শেষে সনাকের সহ-সভাপতি বেলা রানী দাশ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় তথ্য অধিকার আইন ২০০৯-এর গুরুত্ব ও কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, টিআইবির চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ জসীম উদ্দিন, সনাক সদস্য ও সহযোগী অধ্যাপক (অবঃ) মধুমঙ্গল চাকমা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।  

সভায় বক্তারা বলেন, “তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নে একটি শক্তিশালী হাতিয়ার। এটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও কার্যকর হবে এবং সেবা প্রাপ্তিতে নাগরিকদের প্রতিবন্ধকতা দূর হবে।”  

আলোচনা শেষে অতিথিরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন। সরকারি সেবার মান এবং নাগরিক চাহিদা নিয়ে তারা স্টল প্রতিনিধিদের সাথে আলোচনা করেন এবং সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।

তথ্য মেলা উপলক্ষে বিশেষভাবে স্বাস্থ্যসেবা নিয়ে একটি আলাদা আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সদর হাসপাতালের কর্মকর্তারা সেবার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি যুব উন্নয়ন কার্যক্রম ও সরকারি সেবায় নাগরিক উদ্বুদ্ধকরণ নিয়ে আলাদা অধিবেশন অনুষ্ঠিত হয়।  

দিনব্যাপী তথ্য মেলায় কুইজ প্রতিযোগিতা, স্যাটেলাইট ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে সরকারি সেবার প্রতি আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়। বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মেলা শেষ হবে বলে আয়োজকরা জানান।  

এ ধরনের আয়োজন শুধু নাগরিকদের সেবা সম্পর্কে সচেতন করাই নয় বরং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাগড়াছড়ি জেলা প্রশাসন ও সনাকের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে সেবার মান উন্নয়নে পথিকৃত হিসেবে কাজ করবে বলে মত দেন অংশগ্রহণকারীরা। 

 

Ads