মির্জাপুরে পানির তীব্র সংকট
০৪ মে ২০২৪, ০৫:৫১ পিএম
ছবি- সংগৃহীত।
টাঙ্গাইলের মির্জাপুর সদর ও উপজেলার বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। টিউবওয়েলে পানি না ওঠার কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানাগেছে,উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না।গত মার্চ মাস থেকেই পানি ওঠা কমে যায়।আর এপ্রিলের মাঝামাঝি থেকে এই সমস্যা তীব্র হতে শুরু করেছে।পানি সংকটের কারণে সামর্থ্যবান অনেকেই বাড়িতে মোটর বসিয়ে নিচ্ছেন।
সরেজমিনে মির্জাপুর সদর ও উপজেলা বহুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়,অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না।অনেকে টিউবওয়েলের সঙ্গে মোটর বসিয়েছেন।তবে সেখানেও পানির দেখা মিলছে না।
মির্জাপুর বাজারের ঔষধ ব্যবসায়ী মো.জুয়েল সিকদার জানান,মির্জাপুর বাজারের টিউবওয়েলে পানি উঠে না।আমরা আমাদের বাড়ি থেকে খাবার পানি নিয়ে আসি।কিন্তু গ্রামের বাড়িতেও পানি তেমন উঠে না।
বহুরিয়া গ্রামের জুলহাস বয়াতি বলেন,গত দেড় মাস ধরে পানির সমস্যা।বর্তমানে টিউবওয়েলে পানি উঠে না! এখন দূরের একটি স্যালো মেশিন থেকে পানি এতে খেতে হচ্ছে।
চান্দুলিয়া গ্রামের মেহের আলী বলেন,এক জগ পানি তুলতে কমপক্ষে ১০ মিনিট সময় লাগে। আশপাশের পুকুর ও খালেও পানি নেই।এমন অবস্থায় আমরা খুব কষ্টে আছি।পানির অভাবে গবাদিপশু পালন ও সংসারের কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছি আমরা।
মির্জাপুর বাজার,পোষ্টকামুরী,উয়ার্শী,রোয়াইল, বাইমহাটি,দেওহাটা,গোড়াই,সাহাপাড়া, কুমারজানি,পাহাড়পুর,কুতুববাজার,কুইচতারা, বুড়িহাটিসহ এসব এলাকা ঘুরেও দেখা যায় টিউবওয়েলে পানি উঠছে না।অনেক টিউবওয়েল একদমই নষ্ট হয়ে গেছে।এতে করে বিপাকে পড়েছেন মানুষ।
এ ব্যাপারে মির্জাপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.বাহার উদ্দিন সাংবাদিকদের বলেন,সারাদেশেই পানির সংকট।পানির স্তর ৩০ ফুটের বেশি নিচে নেমে যাওয়ার কারণে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না।এজন্য আমরা এখন টিউবওয়েল আর সাবমার্সিবল মোটর বরাদ্দ দিচ্ছি।বৃষ্টিপাত না হলে এই সমস্যার সমাধান হবে না।
























